নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০২:০২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০২:০২:৪৪ অপরাহ্ন

নিত্যদিনের ব্যয় বৃদ্ধির চাপ এখন উচ্চ মধ্যবিত্তদেরও ঘিরে ধরেছে। আয় বাড়ার সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় জীবনযাপনের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এর প্রভাব দেখিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা যায়, প্রায় সব ধরনের পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় যতটা বেড়েছে, তার চেয়ে বেশি হারে বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

কাওরান বাজারের পাইকারি আড়তদার সিদ্দিকুর রহমান বলেন, তেলের দাম বাড়ার পর বগুড়া থেকে কাওরান বাজারে একটি ট্রাক আনতে খরচ হচ্ছে ১৬ হাজার টাকা, যা আগে ছিল ১৪ হাজার টাকা। প্রতি ট্রাকে ৫০ কেজির ৩০০ বস্তা চাল আনা যায়। ফলে ট্রাকপ্রতি বাড়তি ২ হাজার টাকা খরচে প্রতি বস্তা চালের পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ৭ টাকা। তবে খুচরা বিক্রেতারা এর চেয়ে বেশি হারে দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সবজি ব্যবসায়ী মো. ইকবাল করিম ভূঁইয়া জানান, যশোরের সাতমাইল-বারিনগর বাজার থেকে কাওরান বাজারে ২ হাজার ৪০০ কেজি বেগুন আনতে ট্রাক ভাড়া আগে ছিল ১৮ হাজার টাকা। তেলের দাম বাড়ার পর তা বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। এতে প্রতি কেজি বেগুনের পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ১ টাকা ২৫ পয়সা। অথচ খুচরা বাজারে বেগুনের দাম তেলের দাম বৃদ্ধির আগের ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে।

যাত্রাবাড়ীর মাছের আড়তে কুমিল্লা থেকে ৪৭ মণ পাঙাশ নিয়ে আসা ব্যবসায়ী মো. শাকিল বলেন, তেলের দাম বাড়ার পর ট্রাকপ্রতি ভাড়া ১৬ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছে। এতে প্রতি কেজি পাঙাশের পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ২ টাকা। তবে খুচরা বাজারে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের তদারকি সেল, কৃষি বিপণন অধিদপ্তর ও সিটি করপোরেশন কাজ করছে। এসব সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনও রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রাজধানীতে মনিটরিং সেলের অভিযান আরও জোরদার করা হয়েছে। প্রতিদিন দুটি দল মহানগরীতে অভিযান পরিচালনা করছে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা বলেন, সপ্তাহের প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পণ্যের দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তদারকি আরও জোরদার করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বাজার নজরদারি বাড়ানো হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে মনিটরিং কার্যক্রম চলছে। আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতিও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বিভিন্ন সংস্থা বাজার তদারকি করলেও তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ কারণে বিভিন্ন অজুহাত ব্যবহার করে পণ্যের দাম বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, রাজধানীর বিপুলসংখ্যক মানুষের জন্য ভোক্তা অধিদপ্তরের সীমিতসংখ্যক দল দিয়ে কার্যকরভাবে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী বলেন, আগে থেকেই পণ্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। তাঁর দাবি, পরিবহন ব্যয় যে হারে বেড়েছে, তার চেয়ে বেশি হারে অনেক পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে সারা দেশে ১৬৩টি দল অভিযান চালিয়েছে। এ সময় ৩১১টি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় মোট ৩৩ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীতে অধিদপ্তরের ছয়টি দল অভিযান পরিচালনা করছে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে কাঁচামরিচ কেজি ১৬০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা এবং পটোল ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ফার্মের ডিমের ডজন ১৬৫ টাকা, বড় দানার মসুর ডাল ৯৫ থেকে ১০০ টাকা, খোলা আটা ৫০ টাকা এবং খোলা ময়দা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৭০ টাকা এবং তেলাপিয়া মাছ কেজি ২৫০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০