নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০২:২৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০২:২৫:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন দুই প্রধানমন্ত্রী। তারা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগে পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তারা।

বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০