‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:১০:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:১০:৫৩ পূর্বাহ্ন

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রিয়াদে তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার এবং প্রতিরক্ষা সক্ষমতার সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে তিন দেশের সামরিক কর্মকর্তারা সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও দেশটির জন্য বিদ্যমান হুমকি নিয়ে আলোচনা করেন। মক্কা ও সৌদি আরবের অন্যান্য স্থানে বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলারও নিন্দা জানানো হয়।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো ও যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদারের বিষয়েও চুক্তিতে অঙ্গীকার রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতিদের হামলা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। তিন দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠকটি ওই প্রতিরক্ষা চুক্তির অঙ্গীকারগুলোকে বাস্তব সামরিক সহযোগিতায় রূপ দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সৌদি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা এবং দেশটির সুরক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তারা। তিন দেশ প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদার এবং চুক্তির আওতায় তাৎক্ষণিকভাবে কার্যকর সহযোগিতা শুরুর বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০