মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৪:৪২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৪:৪২:০৭ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। তবে ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেক বিশ্বনেতা যোগ দিলেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সরকারপ্রধান এবার নিউইয়র্কে যাননি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ৫০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অনুপস্থিত রয়েছেন।

জার্মানি: ফ্রিডরিখ মের্ৎস

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে নিউইয়র্কে যাননি। সেপ্টেম্বরে দেশটির তিনটি রাজ্যে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) প্রত্যাশিত ফল না পাওয়ায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হয়েছে। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়েছেন।

ইতালি: জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এবার ইউএনজিএতে অংশ নেননি। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইতালির প্রতিনিধিত্ব করেন। ডয়চে ভেলের প্রতিবেদনে মেলোনির অনুপস্থিতির পেছনে অভ্যন্তরীণ ও সরকারি কাজের কথা উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা: সিরিল রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও এবারের অধিবেশনে যোগ দেননি। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা দেশটির প্রতিনিধিত্ব করছেন। তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে স্বাস্থ্যগত বিষয় উল্লেখ করা হয়েছে।

মিশর: আবদেল ফাত্তাহ আল-সিসি

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও নিউইয়র্কে যাননি। তাঁর পরিবর্তে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি দেশটির প্রতিনিধিত্ব করছেন। তবে সিসির অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ তাঁর কার্যালয় থেকে জানানো হয়নি।

নাইজেরিয়া: বোলা টিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুও এবারের অধিবেশনে অনুপস্থিত। তাঁর পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা প্রতিনিধিত্ব করছেন। ডয়চে ভেলের প্রতিবেদনে টিনুবুর ছুটিতে থাকার কথা উল্লেখ করা হয়েছে।

ভারত: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এবার জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেননি। তাঁর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির প্রতিনিধিত্ব করছেন। মোদি সর্বশেষ ২০২১ সালে সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।

চীন: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতিও এবারের অধিবেশনে আলোচিত। তিনি নিউইয়র্কে ইউএনজিএতে যোগ না দিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকসহ দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। চীনের পক্ষ থেকে তাঁর পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং জাতিসংঘে প্রতিনিধিত্ব করছেন।

রাশিয়া: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সরাসরি নিউইয়র্কে যাননি। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। পুতিনের অনুপস্থিতির নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

ফিলিস্তিন: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সরাসরি জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে পারেননি। যুক্তরাষ্ট্র তাঁর এবং ফিলিস্তিনি প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দেয়নি। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্কে ফিলিস্তিনকে ভার্চুয়ালি অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আব্বাস ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দেন।

এবারের ইউএনজিএতে বিশ্বনেতাদের উল্লেখযোগ্য অনুপস্থিতির পেছনে অভ্যন্তরীণ রাজনীতি, স্বাস্থ্যগত কারণ, সরকারি কর্মসূচি, ছুটি ও কূটনৈতিক অগ্রাধিকারের মতো বিভিন্ন কারণ রয়েছে। অনুপস্থিত নেতাদের পরিবর্তে অনেক দেশই পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিকে পাঠিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০