ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে গতকালের চেয়ে আজ গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।