পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন

পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের প্রায় সমপরিমাণ তেল এখনো এই পথ দিয়ে পরিবহন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, সে ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সেটিও নির্ধারণ করতে পারে। রুবিও এটিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন রুবিও। তাঁর অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যারা ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

রুবিও আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি এবং নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।

এ ছাড়া ইরান হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে বলেও অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দেশটি সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায়ও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০