দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২০:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়ে সফরটি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ দেওয়া আছে। এ নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। সময় হলে সফর হবে। দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন সুবিধাজনক সময় পাবেন, তখন সফরটি হবে। তাঁর ভাষায়, বিষয়টি নিয়ে আলোচনা ইতিবাচক এবং উভয় পক্ষের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এগোতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাঁর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি; এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

তিনি আরও বলেন, হাইকমিশন ও ভারতের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়েও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে সেপ্টেম্বরের শুরুতেও দীনেশ ত্রিবেদী বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ বহাল রয়েছে এবং সময় উপযুক্ত হলে তিনি সফর করবেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০