অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৪:১৩ অপরাহ্ন

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) বুলবুল আহমেদকে বদলি করা হয়েছে। তাকে মাউশিতে ওএসডি করে খাগড়াছড়ি সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। বুলবুল আহমেদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭তম ব্যাচের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক।

এর আগে লেইস প্রকল্পে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকল্পসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের অভিযোগ, বিভিন্ন ক্রয় কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত ও দরপত্র প্রক্রিয়ায় বুলবুল আহমেদ প্রভাব বিস্তার করেছেন। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

লেইস প্রকল্পের সরকারি ওয়েবসাইটে বুলবুল আহমেদকে সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্পটির বিভিন্ন ক্রয় কার্যক্রমের সঙ্গে তার দায়িত্বের সংশ্লিষ্টতার তথ্যও সরকারি নথিতে রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সার্ভিস প্যাকেজের আওতায় কনসালট্যান্ট ফার্ম নির্বাচন এবং গুডস প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে। ল্যাপটপ, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, রাউটার, অ্যাক্সেস কন্ট্রোল, আসবাবপত্র ও সফটওয়্যার কেনার বিভিন্ন দরপত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ ছাড়া প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও করেছেন প্রকল্পসংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের স্বাধীন তদন্ত বা প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে মাউশির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করছেন। সরকারি নথি অনুযায়ী, তিনি বর্তমানে লেইস প্রকল্পে সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট মাউশি প্রাঙ্গণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আয়োজিত একটি মিছিলে বুলবুল আহমেদের অংশ নেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে কি না, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০