ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আবুধাবি। রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (WAM) এ তথ্য জানায়।
ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউএই ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ইউএইর পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের আমন্ত্রণেই নেতানিয়াহু দেশটি সফর করেন।
নেতানিয়াহুর এই সফরের বিষয়ে আগে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরাইলি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করে ইউএই। রোববার নেতানিয়াহু আবুধাবিতে গিয়ে শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন বলে এর আগে এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তাও জানিয়েছিলেন।
সফরটি এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে ইসরাইলে নতুন করে বিতর্ক চলছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলার আগে শেখ মোহাম্মদ ফোনে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহুর কার্যালয় ওই দাবি অস্বীকার করেছে।
এ বিষয়ে ইউএইর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, ইসরাইলের সঙ্গে দেশটির সরকারি সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
রয়টার্সের প্রতিবেদনে তিন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, রোববারের বৈঠক প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয় এবং আলোচনায় ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়। তবে ইউএইর আনুষ্ঠানিক বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টিই উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইউএই ও ইসরাইলের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পায়।