যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৫১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৫১:৫৩ অপরাহ্ন

ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগে পৌর ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে তেল সরবরাহের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সায়দাবাদের ৮/৬, বি ঠিকানায় অবস্থিত পৌর ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। এ সময় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতিটিতেই প্রতি ১০ লিটার তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যায়।

বিএসটিআই জানায়, পাঁচটি ইউনিটে যথাক্রমে ৫৩০, ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার কম তেল পাওয়া যায়। এর মধ্যে অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিট ছিল।

পরিমাপে এই অসঙ্গতি পাওয়ায় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মিলন হোসেন দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০