দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৭:৩০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৭:৩০:৩৪ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটির অনুমোদন দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী নিশ্চিত করেছেন।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০