কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও গ্যাং কালচার দমনে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের তদারকিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।
নগরীর মাদক স্পট, আড্ডাস্থলসহ বিভিন্ন বিতর্কিত এলাকায় অভিযান চালানো হয়, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে। অভিযানে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে গ্যাং কালচারে জড়িত থাকার সন্দেহে ৩৭৯ কিশোরকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।