কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ ঘটনায় প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রীর টিম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উর্বশী রাউতেলা ও তার টিম এ তথ্য জানায়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছে ওই এআই প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।
উর্বশীর টিমের দাবি, তার পরিচয় ও বিভিন্ন কনটেন্ট ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
এ ঘটনায় এআই প্রযুক্তির মাধ্যমে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের ছবি, নাম বা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রে অধিকার ও অনুমতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রযুক্তির বিকাশের সঙ্গে এ ধরনের ব্যবহারের আইনি সীমা ও ব্যক্তিগত অধিকার নিয়েও বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে।
সম্প্রতি উর্বশী রাউতেলাকে ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।