শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫৫:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫৫:১৮ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (এ-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের EK0584 ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগেজে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তার জন্য ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ রয়েছে। তাই অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া গেলে তা আটক করা হয়।

সিআইআইডি জানায়, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০