শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:১১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:১১:৪১ অপরাহ্ন

যশোরের শার্শায় ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ হাজার ৪০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির দাবি, তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

বিজিবি জানায়, স্বর্ণের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল দুটির ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে।

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০