চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘উড়িয়ে দেওয়া’ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে ধ্বংস করা অথবা চুক্তিতে যাওয়া—দুই পথের একটিতে শিগগিরই যেতে হবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে ইরানকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসছে।

ট্রাম্প বলেন, ‘হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই, অথবা আমরা একটি চুক্তি করি—সময় কিন্তু এসে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো একটি উপায়ে খুব শিগগিরই এর সমাপ্তি হবে।’

এদিকে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। হিস্পানিক হেরিটেজ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গত তিন দিনে এই সমুদ্রপথ দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল পরিবহন হয়েছে।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আসলে গত তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল বের হয়েছে।’

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যেকোনো একটি উপায়ে আমরা খুব দ্রুত এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছি।’

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০