সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান রবি চৌধুরী। আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে রবি চৌধুরী লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’
এর আগে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আরও কয়েকজন তারকা।
উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন।
তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক