ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি ভিডিও সুবিধা পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এর মাধ্যমে নির্বাচিত নির্মাতারা সর্বোচ্চ ৯০ মিনিটের অনুভূমিক ভিডিও প্রকাশ করতে পারবেন। পাশাপাশি ছোট রিলস থেকে সরাসরি পূর্ণাঙ্গ ভিডিও দেখার সুযোগও থাকবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম প্রথমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু নির্মাতার মধ্যে এ সুবিধার পরীক্ষা শুরু করেছে। এর আগে ব্রাজিলেও সীমিত পরিসরে পরীক্ষা চালানো হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে আরও বেশি নির্মাতাকে এই পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সবার জন্য সুবিধাটি চালুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধার মূল লক্ষ্য হলো—ব্যবহারকারীরা যেন ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না গিয়েও দীর্ঘ ভিডিও দেখতে পারেন। কোনো পডকাস্ট, সাক্ষাৎকার বা হাস্যরসাত্মক অনুষ্ঠানের ছোট অংশ রিলসে দেখার পর সেখান থেকেই পুরো ভিডিওতে প্রবেশ করতে পারবেন তাঁরা।
ইনস্টাগ্রামের পণ্যবিষয়ক প্রধান তেসা লায়ন্সের ব্যাখ্যা অনুযায়ী, নির্মাতারা তাঁদের দীর্ঘ ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট রিলস যুক্ত করতে পারবেন। ফলে ছোট ভিডিও দেখে আগ্রহী হওয়া দর্শকেরা সহজেই পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন। নতুন ভিডিওগুলো ব্যবহারকারীদের মূল ফিড ও এক্সপ্লোর বিভাগেও দেখানোর পরিকল্পনা রয়েছে।
নতুন এই উদ্যোগে অনুভূমিক বা চওড়া পর্দার ভিডিওকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে দীর্ঘ পডকাস্ট, পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ও বিশেষ পরিবেশনা দেখার অভিজ্ঞতা আরও সুবিধাজনক হতে পারে। মোবাইলের পাশাপাশি টেলিভিশনেও দীর্ঘ ভিডিও দেখার সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ ভিডিওতে ইনস্টাগ্রামের এই সম্প্রসারণকে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এত দিন ইনস্টাগ্রাম মূলত ছোট ভিডিও ও সামাজিক যোগাযোগকেন্দ্রিক কনটেন্টের জন্য পরিচিত ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখা এবং নির্মাতাদের আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি।
এর আগে দীর্ঘ ভিডিও প্রকাশের জন্য ইনস্টাগ্রাম আইজিটিভি চালু করেছিল। তবে ২০২২ সালে সেই সেবা বন্ধ করে দেওয়া হয়। এবার আলাদা অ্যাপের পরিবর্তে মূল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেই দীর্ঘ ভিডিও দেখার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
তবে ‘ফিচারস’ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ব্যবহারকারী কবে এটি পাবেন, নির্মাতাদের আয়ের সুযোগ কীভাবে নির্ধারিত হবে এবং চূড়ান্ত সংস্করণে কী কী সুবিধা থাকবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।
জি বাংলা ডেস্ক