ইরানের কেশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে কেশমের গভর্নর আমির তেইমুরি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের এলাকায় ইরানি বাণিজ্যিক জাহাজটিতে হামলা হয়।
তেইমুরি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে জাহাজটির নাম, কী ধরনের অস্ত্র দিয়ে হামলা হয়েছে কিংবা কী কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে—তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার কেশম দ্বীপের উপকূলীয় এলাকায় সমুদ্রের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিল। তবে ওই বিস্ফোরণের সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে হামলা
এদিকে পৃথক ঘটনায় রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
তবে ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই পরপর এসব ঘটনার খবর পাওয়া গেল। তবে কেশমের কাছে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালির জাহাজে হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
স্টাফ রিপোর্টার