ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মার একটি শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। তিনি জানান, লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নৌপুলিশ জানায়, রোববার সকালে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
যেভাবে দুর্ঘটনা ঘটে
শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ীর গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত ট্রলার ভ্রমণে বের হন শতাধিক যাত্রী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারটির ধাক্কা লাগে।
এ সময় রাকিবুজ্জামান রকিসহ কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর তিনজন নিখোঁজ হন।
পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। দুই দিন পর রোববার রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করা হলো।
স্টাফ রিপোর্টার