বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে সারাহ কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। এ জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার কাছে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।
শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানো এবং কমনওয়েলথ শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতেও যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কমনওয়েলথের সদস্য হিসেবে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ধারা আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুল্কমুক্ত সুবিধার কথা জানালেন হাইকমিশনার
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত ও অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে।
রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।
সারাহ কুক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ
এদিকে সোমবার বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পৃথক প্রতিনিধিদলও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতিনির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।
সাক্ষাৎকালে সারাহ কুক রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার