‘আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব’
কুমিল্লা ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
গোমতী নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদীর দুই পাড়ের চর থেকে মাটি কেটে পরিবহনের সময় বাঁধের ক্ষতি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়েও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগের কথা জানানো হয়েছে। তবে এ সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
‘কুমিল্লা ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও গোমতী নদীর পাড় রক্ষা করা যায়নি। নদীভাঙনে লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়েছেন। গোমতী কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও দুঃখের অংশ। চীনের হোয়াংহো নদীর সমস্যার সমাধান হলেও গোমতীর সমস্যার সমাধান হয়নি।
আরও পড়ুন
আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
মনিরুল হক চৌধুরী বলেন, এ অঞ্চলের মানুষ আশা করেছিলেন, এলাকার একজন মন্ত্রী হওয়ায় সমস্যার সমাধান হবে। কিন্তু পানিসম্পদমন্ত্রীর দেওয়া জবাব তাঁর কাছে দায়সারা মনে হয়েছে। এ কারণে তিনি সংসদে নোটিশ দিয়েছেন।
মূল বিষয়গুলি
- কুমিল্লা ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল…
- সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
- গোমতী নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদীর দুই পাড়ের চর থেকে মাটি কেটে পরিবহনের সময় বাঁধের ক্ষতি করা হচ্ছে।
- তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও গোমতী নদীর পাড় রক্ষা করা যায়নি।
দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে এ প্রকল্প নেওয়া হয়েছিল। ত্রিপুরা পাহাড় থেকে ১৩টি নদী দিয়ে বৃষ্টির পানি নেমে পরদিন এ অঞ্চলে পৌঁছায়। ডাকাতিয়া থেকে মেঘনা পর্যন্ত নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সরেজমিন এলাকা পরিদর্শন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় এ প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়নের পর ১৫ বছর কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি। তবে গত সরকারের আমলে নদীগুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।
গোমতী নদী নিয়ে তিনি বলেন, নদীটি কুমিল্লার ইতিহাস ও সংস্কৃতির অংশ হলেও তাঁরা এখনো একে জয় করতে পারেননি। এটি তাঁদের ব্যর্থতা। আগের সরকারের সময়ে গোমতী পর্যন্ত নৌবন্দর সম্প্রসারণের একটি প্রকল্প নেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে মনিরুল হক চৌধুরী বলেন, ইপিজেডের বর্জ্য গোমতী ভরাট হয়ে যাওয়ার পর স্থানীয় খালে ফেলা হচ্ছে। এ কারণে ইপিজেড বন্ধের নোটিশও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে ১৩টি প্রতিবেদন তৈরি করেছে। পরিবেশ মন্ত্রণালয় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ইপিজেডের বিরুদ্ধে মামলা করাও সম্ভব হচ্ছে না।
ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে পরিবেশ বিপর্যয় ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এতে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং এক লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনার অর্থ রাজনীতিবিদ ও ক্ষমতাশালীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে বর্জ্য প্রাকৃতিক খালে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মনিরুল হক চৌধুরী বলেন, ওই অঞ্চলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী নেই। পানিতে নামলে মানুষের পা পচে যায় এবং কৃষিকাজ করা যাচ্ছে না। তাঁর এসব বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি। এ বিষয়ে তদন্তেরও দাবি জানান।
তিনি আরও বলেন, ইপিজেডের বর্জ্য যে খালে ফেলা হয়, সেখানে কেউ আধা ঘণ্টা অবস্থান করতে পারলে তিনি নিজের সব বক্তব্য প্রত্যাহার করবেন। তাঁর দাবি, বিষাক্ত বর্জ্যের প্রভাব দক্ষিণাঞ্চল থেকে নোয়াখালী হয়ে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দুই বছর পর এ বিষ মেঘনায় পৌঁছালে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।
দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দ্রুত বরাদ্দ দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করা এবং বর্জ্য দূষণ বন্ধে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, গত ২০ বছরে যা হয়েছে, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর প্রতি দোয়া ও শুভকামনা জানান তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় তাঁদের পক্ষে থাকলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি। চার বছর আগে ইপিজেডের ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করেছিলেন জানিয়ে তিনি বলেন, তাঁর কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজন হলে সেগুলো সংসদে উপস্থাপন করতে পারবেন। এ বিষয়ে মন্ত্রী এ্যানি সাহেবও তথ্য দিতে পারবেন, কারণ তিনিও ভুক্তভোগী।






মন্তব্য (০)