মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের সিংহভাগ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন এই জননেতা।
১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯১৭-১৮ সালে প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সহায়তায় ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনায় রেশমী রুমাল আন্দোলনে অংশ নেন। এ কারণে ১৯১৯ সালে তাঁকে কারাবরণ করতে হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্যে এসে তাঁর স্বরাজ আন্দোলনে অংশ নেন। এ ছাড়া খিলাফত ও অসহযোগ আন্দোলনেও যোগ দেন।
‘১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন তিনি।’
— জি বাংলা ডেস্ক
১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-শ্রমিকদের স্বার্থে সংগঠন গড়ে তোলেন ভাসানী। এ সময় জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন এবং ১৯২৯ সালে আসামের ভাসান চরে দ্বিতীয় কৃষক-প্রজা সম্মেলনে যোগ দেন।
আরও পড়ুন
আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন। পরে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন। ১৯৩৭ সালে আসামে কুখ্যাত লাইন প্রথাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। একই বছর আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দেওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন।
মূল বিষয়গুলি
- মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।
- ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী।
- ১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে যুক্ত হন তিনি।
- ১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-শ্রমিকদের স্বার্থে সংগঠন গড়ে তোলেন ভাসানী।
১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন। পাকিস্তান আমলে সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশের উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন ভাসানী। ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন তিনি।
ওই বছরের মার্চে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ত্যাগ করেন ভাসানী। পরে ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন।






মন্তব্য (০)