দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমেছে। তবে কূটনৈতিক অগ্রগতির এই সম্ভাবনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।
‘ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।’
— জি বাংলা ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান
এদিকে ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে।
মূল বিষয়গুলি
- দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
- রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।
- বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়ামের…
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন।
হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটায় সৌদি আরামকো কিছু চালান ইয়ানবু বন্দর থেকে সরিয়ে হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বাড়িয়েছে। জেপি মরগানের বিশ্লেষণ অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে, যেখানে আগস্টে তা ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।
এর আগে সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার বাজারে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ শুরু করেছে। এ ব্যবস্থাও বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন দাম রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।