ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকতে
পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি কিংবা বদহজমের মতো সাধারণ সমস্যার আড়ালেও থাকতে পারে ডিম্বাশয়ের ক্যানসারের মতো গুরুতর রোগ। নারীদের ডিম্বাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব’ ক্যানসার বলা হয়। এর কারণ রোগটির কোনো লক্ষণ নেই, তা নয়; বরং প্রাথমিক পর্যায়ের উপসর্গগুলো অনেকটাই অস্পষ্ট। কেউ কেউ মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন কিংবা সাধারণ পেটের সমস্যা ভেবে এসব লক্ষণ এড়িয়ে যান। অথচ কিছু উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে তা ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।
হজমের সমস্যার সঙ্গে কেন মেলে
ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র ও অন্যান্য পরিপাক অঙ্গের কাছাকাছি অবস্থিত। সেখানে কোনো টিউমার তৈরি হলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। পেটে তরল জমা হওয়া কিংবা স্বাভাবিক হজমপ্রক্রিয়াও ব্যাহত হতে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা খাবারের পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।
‘কীভাবে শনাক্ত করা হয় ডিম্বাশয়ের ক্যানসারের সন্দেহ হলে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ নামের প্রোটিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।’
— জি বাংলা ডেস্ক
চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে। অনেক সময় নির্দিষ্ট খাবার বা মানসিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকে। কিন্তু ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত উপসর্গ নতুনভাবে দেখা দিতে পারে, ঘন ঘন হতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে পারে।
আরও পড়ুন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৪৪
যে ৭ লক্ষণ অবহেলা করবেন না
মূল বিষয়গুলি
- পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি কিংবা বদহজমের মতো সাধারণ সমস্যার আড়ালেও থাকতে পারে ডিম্বাশয়ের ক্যানসারের মতো গুরুতর রোগ।
- হজমের সমস্যার সঙ্গে কেন মেলে
- ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র ও অন্যান্য পরিপাক অঙ্গের কাছাকাছি অবস্থিত।
- চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে।
১. বারবার পেট ফাঁপা: ভারী খাবার খাওয়ার পর সাময়িক পেট ফাঁপা স্বাভাবিক। কিন্তু নিয়মিত পেট ফুলে থাকা বা অস্বস্তি না কমলে সতর্ক হতে হবে। পেটে তরল জমা কিংবা টিউমারের কারণে এমন হতে পারে।
২. অল্প খেয়েই পেট ভরে যাওয়া: সামান্য খাবার খাওয়ার পরই পেট ভরে যাওয়ার অনুভূতি, বমিভাব বা ক্ষুধামন্দা দেখা দিতে পারে।
৩. তলপেট বা শ্রোণিতে ব্যথা: তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা, চাপ বা অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে ব্যথাটি স্বাভাবিক মাসিকের ব্যথার মতো না হলে গুরুত্ব দিতে হবে।
৪. মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া কিংবা পর্যায়ক্রমে এ দুটির কোনো একটিতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৫. ঘন ঘন প্রস্রাব: স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাবের চাপ কিংবা হঠাৎ প্রস্রাবের বেগ হওয়ার পেছনে টিউমার বা পেটে জমা তরলের কারণে মূত্রথলিতে চাপ পড়তে পারে।
৬. কোমরব্যথা ও ক্লান্তি: দীর্ঘস্থায়ী কোমরব্যথার সঙ্গে অস্বাভাবিক ক্লান্তি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
৭. অকারণে ওজনের পরিবর্তন: কারও পেটে তরল জমে আকার বেড়ে যেতে পারে। আবার ক্ষুধা কমে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
নতুন কোনো উপসর্গ দেখা দিলে এবং তা দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস থাকলে সেটিও চিকিৎসককে জানাতে হবে। উপসর্গ কখন হচ্ছে, কতক্ষণ থাকছে এবং কী কারণে বাড়ছে বা কমছে, তা লিখে রাখলে চিকিৎসকের মূল্যায়নে সুবিধা হয়।
কীভাবে শনাক্ত করা হয়
ডিম্বাশয়ের ক্যানসারের সন্দেহ হলে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ নামের প্রোটিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। তবে শুধু আলট্রাসাউন্ড বা সিএ-১২৫ পরীক্ষার ফল দিয়ে ক্যানসার নিশ্চিত করা যায় না। রোগীর উপসর্গ ও চিকিৎসার ইতিহাস বিবেচনায় আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে।
৪৫ বছরের বেশি বয়স, পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস, বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের বংশগত পরিবর্তন, কখনো গর্ভধারণ না করা এবং এন্ডোমেট্রিওসিসের ইতিহাস ঝুঁকি বাড়াতে পারে। তবে এসব ঝুঁকি থাকলেই ক্যানসার হবে, এমন নয়।
দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে শুধু গ্যাসের ওষুধ বা খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর নির্ভর করা উচিত নয়। নিজে নিজে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।






মন্তব্য (০)