ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি
বর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা। শীতের রোদে সাগরপাড়জুড়ে শুকানো হচ্ছে ছোট-বড় নানা আকারের চিংড়ি। সাগর থেকে চিংড়ি আহরণ, শুকানো, বাছাই ও বাজারজাতকরণ—সব মিলিয়ে শীত মৌসুমে উপকূলের মানুষের জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে এ শুঁটকি।
প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। এ কাজে সরাসরি যুক্ত রয়েছেন অন্তত ২০০ থেকে ৩০০ শ্রমিক।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট থেকে বার আউলিয়া ঘাট পর্যন্ত উপকূলীয় এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের নিচে বিস্তীর্ণ সাগরপাড়জুড়ে চলছে চিংড়ি শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। সাগর থেকে মাছবোঝাই বোট ঘাটে ভিড়ছে। সেখান থেকে নামানো হচ্ছে ছোট-বড় বিভিন্ন আকারের চিংড়ি। কেউ সেগুলো রোদে ছড়িয়ে দিচ্ছেন, কেউ শুকানো চিংড়ি নেড়েচেড়ে দিচ্ছেন, আবার কেউ আকার অনুযায়ী বাছাই করছেন। সাগর থেকে আহরণ করা কাঁচা চিংড়ি কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হচ্ছে বিক্রির উপযোগী শুঁটকিতে।
‘ইলিশ আহরণের মৌসুম শেষ হওয়ার পর চিংড়ি শুঁটকিকে কেন্দ্র করে অন্তত দুই থেকে তিনশ শ্রমিকের কর্মসংস্থান তৈরি হওয়া উপকূলের মানুষের জীবিকায় ইতিবাচক ভূমিকা রাখছে।’ তিনি বলেন, প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে জেলে, শ্রমিক, পরিবহন ও পাইকারি…’
— জি বাংলা ডেস্ক
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত মৌসুমের শুরু থেকেই গহিরা উপকূলে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু হয়। প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি রোদে শুকানো হয়। সকালে শুকাতে দেওয়া এসব চিংড়ি তিন থেকে চার ঘণ্টার মধ্যেই শুঁটকিতে পরিণত হয়। পরে বড়, মাঝারি ও ছোট—এই তিন আকারে বাছাই করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। তবে শুকানোর কাজের গতি নির্ভর করে আবহাওয়া ও রোদের ওপর।
আরও পড়ুন
বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি
এই মৌসুমি উৎপাদনকে কেন্দ্র করে গহিরা উপকূলে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। চিংড়ি শুকানো, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত রয়েছেন অন্তত ২০০ থেকে ৩০০ শ্রমিক। কেউ বোট থেকে মাছ নামান, কেউ রোদে শুকানোর কাজ করেন, আবার কেউ শুকানো চিংড়ি আকার অনুযায়ী বাছাই করেন। তাঁদের অনেকেরই বছরের একটি নির্দিষ্ট সময়ের আয় নির্ভর করে এ কাজের ওপর। ইলিশের মৌসুম শেষে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু হওয়ায় উপকূলের শ্রমজীবী মানুষের হাতে নতুন করে কাজ আসে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এ কাজে যুক্ত রয়েছেন।
মূল বিষয়গুলি
- বর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে।
- প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি।
- শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট থেকে বার আউলিয়া ঘাট পর্যন্ত উপকূলীয় এলাকায় গিয়ে দেখা যায়, বেড়…
- জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত মৌসুমের শুরু থেকেই গহিরা উপকূলে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু হয়।
শুঁটকি মাঝি বেলাল উদ্দীন বলেন, ‘ইলিশের মৌসুম শেষ হলে আমাদের কাজের ধরন বদলে যায়। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু করি। সাগর থেকে বোটে করে বিভিন্ন আকারের চিংড়ি নিয়ে আসা হয়। সকালে রোদে শুকাতে দিলে বিকেলের মধ্যেই শুঁটকি হয়ে যায়। প্রতিদিনই মণকে মণ চিংড়ি শুকানো হচ্ছে। এই কাজের সঙ্গে অনেক জেলে ও শ্রমিক জড়িত। শুঁটকি বিক্রির আয় দিয়ে তাঁদের সংসার চলে। আমার এখানে শুঁটকি শুকানোর কাজে ২৩ জন শ্রমিক কাজ করছেন। কাজটি তুলনামূলক সহজ হওয়ায় বিভিন্ন বয়সী মানুষ এতে যুক্ত হতে পারেন।’
জেলেরা জানান, চিংড়ির আকার ও মান অনুযায়ী শুঁটকির দাম নির্ধারণ করা হয়। বর্তমানে বড় আকারের চিংড়ি শুঁটকি প্রতি কেজি প্রায় ৬০০ টাকা, মাঝারি আকারেরটি ৪০০ টাকা এবং ছোট আকারেরটি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মান ও বাজার পরিস্থিতি অনুযায়ী দামে কিছুটা তারতম্য হয়।
উপকূলের মাছের কারবারি হেমন্ত জলদাশ বলেন, ‘আমরা গহিরার মানুষ মাছের কারবার করি সারা বছর। এই শীত মৌসুমে গহিরায় চিংড়ি শুঁটকির ব্যবসা বেশ জমে ওঠে। প্রতিদিন জেলেদের কাছ থেকে বিভিন্ন আকারের চিংড়ি সংগ্রহ করে শুঁটকি তৈরি করা হয়। পরে এসব শুঁটকি আসাদগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ভালো মানের চিংড়ি শুঁটকির চাহিদা থাকায় ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। এ ব্যবসার সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িয়ে আছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গহিরা উপকূলে উৎপাদিত চিংড়ি শুঁটকির চাহিদা স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রামের শুঁটকির অন্যতম পাইকারি বাজার নগরের আসাদগঞ্জেও রয়েছে। বিকেল হলেই নগরের পাইকারি আড়তদারেরা পিকআপে করে শুঁটকি নিয়ে যান। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
আড়তদারেরা জানান, দেশের বাজারের পাশাপাশি গহিরায় উৎপাদিত চিংড়ি শুঁটকি বিদেশেও রপ্তানি হচ্ছে। তাঁদের দাবি, গহিরার মাছের আলাদা কদর রয়েছে। এসব শুঁটকি এক দিনের মধ্যেই রোদে শুকিয়ে তৈরি করা হয়। এ কারণে এতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। ব্যবসায়ীরাও চিংড়ি শুঁটকিতে রাসায়নিক মেশান না বলে জানান তাঁরা।
তবে জেলে ও বোটমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মৌসুমি অর্থনীতির সঙ্গে কিছু অনিশ্চয়তাও জড়িয়ে আছে। চিংড়ির প্রাপ্যতা, সাগরের আবহাওয়া ও রোদের ওপর উৎপাদন নির্ভর করে। শীতের শুরুতে টানা বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় চিংড়ি শুকানোর কাজ ব্যাহত হলে শ্রমিকদের কাজ কমে যায় এবং জেলেদের আয়েও প্রভাব পড়ে। অন্যদিকে উৎপাদন খরচ, বাজারদর ও পাইকারি বিক্রির ওপর নির্ভর করে ব্যবসায়ীদের লাভের পরিমাণ।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, সামুদ্রিক চিংড়ি আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ উপকূলীয় জেলেদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুঁটকি তৈরিতে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ, রাসায়নিকের ব্যবহার পরিহার এবং সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে সচেতন থাকতে হবে। উৎপাদিত শুঁটকির মান নিশ্চিত করা গেলে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুনা সাহা বলেন, ‘গহিরা উপকূলে চিংড়ি শুঁটকি উৎপাদন শুধু একটি মৌসুমি পেশা নয়, এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় মৌসুমি অর্থনীতিগুলো জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইলিশ আহরণের মৌসুম শেষ হওয়ার পর চিংড়ি শুঁটকিকে কেন্দ্র করে অন্তত দুই থেকে তিনশ শ্রমিকের কর্মসংস্থান তৈরি হওয়া উপকূলের মানুষের জীবিকায় ইতিবাচক ভূমিকা রাখছে।’
তিনি বলেন, প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে জেলে, শ্রমিক, পরিবহন ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে একটি অর্থনৈতিক সংযোগ তৈরি হচ্ছে। এ ধরনের ক্ষুদ্র ও মৌসুমি শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া গেলে স্থানীয় কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জেলেদের আয়ও বৃদ্ধি পাবে। এ জন্য শুঁটকি সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি উৎপাদকেরা যাতে ন্যায্যমূল্য পান, সে বিষয়েও নজর দিতে হবে।
ইলিশের মৌসুম শেষে শীতের শুরুতে সাগর থেকে আহরণ করা চিংড়ি শুধু জেলে ও শ্রমিকদের কর্মসংস্থানই তৈরি করছে না; এর সঙ্গে যুক্ত হচ্ছে পরিবহন, পাইকারি ব্যবসা ও বাজারজাতকরণের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডও। এভাবে সাগরের মাছ থেকে বাজারের পণ্য হয়ে ওঠার পুরো প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন উপকূলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






মন্তব্য (০)