এনভিডিয়া প্রধানের আরেক প্রেমিকা কে এই কিম্বারলি পাওয়েল?
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। চীনা বংশোদ্ভূত নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর এবার নিজের অধস্তন আরেক নারী কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে এসেছে। ওই কর্মকর্তা হলেন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কে এই কিম্বারলি পাওয়েল?
‘হুয়াংয়ের আরেক সম্পর্ক নিয়েও বিতর্ক কিম্বারলি পাওয়েলের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসার আগে অ্যালিস হুয়াং নামের আরেক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়।’
— আন্তর্জাতিক ডেস্ক
৪৮ বছর বয়সী কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনার দায়িত্বে রয়েছেন। চিকিৎসা সরঞ্জাম, মেডিকেল ইমেজিং, জীবনবিজ্ঞান, ওষুধ আবিষ্কার এবং স্বাস্থ্যসেবা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত কম্পিউটিং প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন তিনি।
আরও পড়ুন
জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এর আগে এনভিডিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি কৌশলগত প্রচারণা, এনভিডিয়া এআই ল্যাবস এবং ইনসেপশন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন পাওয়েল।
মূল বিষয়গুলি
- বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
- কে এই কিম্বারলি পাওয়েল?
- ৪৮ বছর বয়সী কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় চিকিৎসা ইমেজিং যন্ত্রে প্রতিষ্ঠানটির গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ব্যবহার সম্প্রসারণের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হন। এরপর ২০১৭ সালের শেষ দিকে স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান।
প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যও দিয়েছেন পাওয়েল। গত মার্চে যুক্তরাষ্ট্রের সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন জিটিসিতে স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য দেন তিনি। ওই উপস্থাপনায় জেনসেন হুয়াংয়ের কার্টুনচিত্রও ব্যবহার করেছিলেন।
সম্মেলনের হোটেলে ঘনিষ্ঠতার অভিযোগ
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সম্মেলনের সময় কাছাকাছি একটি হোটেলে এনভিডিয়ার নির্বাহীরা অবস্থান করছিলেন। সেখানে ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং ও কিম্বারলি পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ে। পরে হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন এবং তাঁর কাছ থেকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর নেওয়া হয় বলে ঘটনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।
হুয়াং ও পাওয়েল দুজনই বিবাহিত। তবে তাঁদের কথিত সম্পর্কের বিষয়ে দুজনের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
হুয়াংয়ের আরেক সম্পর্ক নিয়েও বিতর্ক
কিম্বারলি পাওয়েলের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসার আগে অ্যালিস হুয়াং নামের আরেক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন জ্যেষ্ঠ নির্বাহী। ২০২৪ ও ২০২৫ সালে তাইপেতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি স্মারকে অ্যালিস হুয়াংকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন। তবে এসব অভিযোগের পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, সম্পর্কের তথ্য বিনিয়োগকারীদের কাছে প্রকাশ না করার অভিযোগে হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে শ্রেণিগত মামলা করেছেন কয়েকজন শেয়ারহোল্ডার। সাম্প্রতিক দিনগুলোতে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দরও কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল।






মন্তব্য (০)