মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ
হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এর আগে শহরটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, হামলাটি ছিল সামরিক ধরনের।
‘তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।’
— আন্তর্জাতিক ডেস্ক
ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, খবর প্রকাশের কয়েক মিনিট আগে গভীর রাতে হামলাটি হয়। তবে হামলাকারী কারা, কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন
ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ
এদিকে সিরিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
মূল বিষয়গুলি
- হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে।
- এর আগে শহরটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
- ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর নিশ্চিত করেছে।
- ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, খবর প্রকাশের কয়েক মিনিট আগে গভীর রাতে হামলাটি হয়।
ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন।
এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় বলে জানায় সংস্থাটি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।






মন্তব্য (০)