দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে বয়স্ক বানরদের ওপর গবেষণা করছেন দেশটির বিজ্ঞানীরা। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে বার্ধক্যের জৈবিক রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ গবেষণার বিস্তারিত উঠে এসেছে। গবেষণাটির নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সি মিখাইল কোভালচুক।
তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে রয়েছে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।
‘জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও কাজ চলছে দেশটিতে।’
— আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।
আরও পড়ুন
ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ
তিনি বলেন, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।
মূল বিষয়গুলি
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা।
- ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ গবেষণার বিস্তারিত উঠে এসেছে।
- তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে রয়েছে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর।
- সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুধু পরীক্ষা-নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প।
কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।
পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধারণ করা ওই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে।
পরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে তাঁর মতে, এত দীর্ঘ আয়ুও যথেষ্ট নয়।
মানুষের আয়ু বাড়ানোর প্রচেষ্টায় বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও কাজ চলছে দেশটিতে।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মানুষের আয়ু বাড়ানোর এসব গবেষণায় যুক্ত রয়েছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।
তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য উন্মোচন করতে পারলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, এমন কোনো নিশ্চয়তা এখনো নেই। মানুষের আয়ু বাড়ানোর এই গবেষণা শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা ভবিষ্যৎই বলে দেবে।
সূত্র: ডেইলি মেইল ও দ্য সান।






মন্তব্য (০)