যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য
কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ফলে সারা দেশের মতো পটুয়াখালীতেও বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের পদ্ধতি।
একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন পটুয়াখালীর কৃষকেরা। কাঠের লাঙ্গল, বাঁশ বা কাঠের জোয়াল কাঁধে বেঁধে জোড়া বলদ দিয়ে একরের পর একর জমি চাষ করা হতো। তখন গরু ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেত না। কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না বললেই চলে। ট্রাক্টর ও পাওয়ার টিলারের দখলে চলে গেছে গরু-লাঙ্গলের জায়গা।
এখন আর কৃষকদের কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না। সুবিধামতো দিনে কিংবা রাতে ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে অল্প সময়েই জমি চাষ ও মই দেওয়া যাচ্ছে। এতে পরিশ্রম ও সময় কমেছে। তবে এর ফলে ফসলের গুণগত মান ও স্বাদ কমছে বলে মনে করেন স্থানীয় কৃষকেরা। তাঁদের মতে, একই সঙ্গে হ্রাস পাচ্ছে জমির উর্বরতাও।
‘কৃষিতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ফলে সারা দেশের মতো পটুয়াখালীতেও বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের পদ্ধতি।’
— জি বাংলা ডেস্ক
দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো. নূর ইসলাম হাওলাদার বলেন, একসময় দুমকি এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হতো। গরু দিয়েই জমি চাষাবাদ করা হতো।
আরও পড়ুন
‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা
মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মো. ইউনুস আকন জানান, যাঁদের নিজেদের গরু বা হাল ছিল না, তাঁরা অন্যের জমিতে কামলা খাটতেন। বিনিময়ে হালের মালিকেরা সময়মতো তাঁদের জমিও চাষ করে দিতেন। ফলে চাষের মৌসুমে কামলাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হতো।
মূল বিষয়গুলি
- কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য।
- একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন পটুয়াখালীর কৃষকেরা।
- এখন আর কৃষকদের কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না।
- দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো.
আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খানের জীবনের বেশির ভাগ সময় কেটেছে লাঙ্গল-জোয়াল আর গরুর পালের সঙ্গে। ১৩ থেকে ১৫ বছর বয়সে বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে তাঁকেই চাচাদের সঙ্গে হালচাষের কাজে নামতে হতো। সে সময় তাঁদের বাড়িতে তিন জোড়া বলদ ছিল। এখন বয়স ও অসুস্থতার কারণে তিনি হালচাষ ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ এখন আর হয় না বললেই চলে। পুরোনো সেই স্মৃতি আঁকড়েই এখন তাঁর সময় কাটছে।
পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম জন্মাত। তা ছাড়া গরুর গোবর জমিতে পড়ায় প্রচুর জৈব সার তৈরি হতো, যা ফসল উৎপাদনে সহায়তা করত। অন্যদিকে ট্রাক্টর দিয়ে চাষের ফলে শব্দদূষণসহ পরিবেশের ক্ষতি বাড়ে। আগে বাড়ির গরুর গোবর জমিতে ব্যবহার করা হতো, যা পরিবেশের জন্যও ভালো ছিল।
স্থানীয়দের মতে, গরু দিয়ে হালচাষ ছিল গ্রামীণ কৃষকদের মূল ভরসা। আধুনিকতার ছোঁয়ায় তা আজ বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তবে এখনো কিছু কৃষক এই ঐতিহ্য লালন করে টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
বিশেষজ্ঞদের মতে, গরু দিয়ে হালচাষ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ জনপদে কায়িক পরিশ্রম কমছে। একসময় গরুর জৈব সার ব্যবহার করে বাড়ির আঙিনায় নানা ধরনের শাকসবজি ফলানো হতো। এখন তা আর আগের মতো দেখা যায় না। তাই পরিবেশবান্ধব এই ঐতিহ্য ও গরু পালন টিকিয়ে রাখা প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশবান্ধব এবং আমাদের ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন কম সময়ে ও কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও পরিবর্তন আসবে। তবে আধুনিকতার স্রোতে গ্রামবাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।






মন্তব্য (০)